গোপালগঞ্জে সবজির ভ্রাম্যমাণ বাজার
করোনা প্রতিরোধে গোপালগঞ্জে ঘরবন্দী মানুষের দরজায় সেবা পৌঁছে দিতে জেলা প্রশাসনের উদ্যোগে চালু হয়েছে ভ্রাম্যমাণ বাজার ও বিবিকিউ অ্যান্ড কেএসপি অনলাইন শপ।
শহরের অসহায় মানুষ ঘরে বসেই শাকসবজি কিনতে পারবেন। ঘরে বসে বাজার পেতে ০১৬৭৬১৪১৪২৫, ০১৩০২২২৬৫৬৫ নম্বরে ফোন করলেই চাহিদা মতো পণ্য পৌঁছে যাবে।
প্রতিদিন সকাল হলেই ইঞ্জিন চালিত ভ্যান গাড়িতে সাজানো সবজির বাজার নিয়ে দোকানী পৌঁছে যায় শহরের বিভিন্ন গলিতে। প্রতিটি বাসার সামনে গিয়ে তারা সবজি বিক্রির চেষ্টা করে।
স্থানীয়রা যার যেমন প্রয়োজন সবজি কেনার সুযোগ পাচ্ছে ওই দোকান থেকে। এরকম ১০ টি ভ্রাম্যমাণ দোকান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে ঘুরে সবজি বিক্রি করে চলছে। আর এর ফলে ঘরবন্দী অসহায় মানুষদের সবজি ক্রয়ের জন্য গাড়ি ভাড়া ও সময় ব্যয় করে বাজারে যেতে হচ্ছে না। সামাজিক দুরত্ব না মানার ঝামেলায় পড়তে হচ্ছেনা।
এছাড়াও গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে চালু করা হয়েছে অনলাইন বাজার। এখন থেকে ঘরে বসেই ভোক্তারা পাবেন বাজার মূল্যে সব প্রকার কাচাঁমাল, সবজি, মাছ, মাংস, ওষুধ এবং নিত্য প্রয়োজনীয় পণ্য। আর তাই এখন থেকে ঘরে বসেই বাজার পেতে ০১৬৭৬১৪১৪২৫, ০১৩০২২২৬৫৬৫ নম্বরে ফোন করলেই চাহিদা মতো পণ্য পৌছে দেবে ক্রেতার বাসায়। ডিসির কার্যালয়ের সহকারী কমিশনার মো. যোবায়ের হোসেন এসব বিষয় নিশ্চিত করেছেন।
করোনা পরিস্থিতিতে অসহায় মানুষের দ্বারে সেবা পৌঁছে দিতে জেলা প্রশাসনের এই উদ্যোগকে সব শ্রেণি পেশার মানুষ সাধুবাদ জানিয়েছেন এবং ভ্রাম্যমাণ সবজি দোকান ও অনলাইন সেবাদানকারী কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।
ডিসি শাহিদা সুলতানা বলেছেন, ঘরে থাকুন, সুস্থ থাকুন। করোনা মহামারী পরিস্থিতিতে ঘরবন্ধী মানুষ যাতে কষ্ট না পায়, সে জন্য মানুষের দ্বারে সেবা পৌঁছে দিতে আমরা নানা উদ্যোগ গ্রহণ করেছি। নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে না পেরে কেউ যাতে কষ্ট না পায়, সেদিক বিবেচনা করে কিছু সবজি দোকানীর সৌজন্যে ভ্রাম্যমাণ সবজি বাজার ও অনলাইন সেবা বিবিকিউ অ্যান্ড কেএসপি অনলাইন শপ চালু করেছি।
গোপালগঞ্জের কোনো মানুষ যেন অনাহারে না থাকে এবং নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয়ের অভাবে কেউ যেন কষ্ট না পায় সে লক্ষ্যে আমরা কাজ করছি।